পাকিস্তানের আকাশে হঠাৎ কেন চিনের ও তুরস্কের রহস্যময় বিমান?

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের আকাশে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে চিন ও তুরস্কের সামরিক বিমানের অস্বাভাবিক আনাগোনা। গত ৬০ ঘণ্টার মধ্যে একের পর এক ভারী সামরিক পরিবহণ বিমান পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটিতে অবতরণ করায় আন্তর্জাতিক মহলে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, চিনের সামরিক বিমানগুলি রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস এবং করাচির মাসরুর এয়ারবেসে নেমেছে। পাশাপাশি তুরস্কের বিমানগুলির যাতায়াতও স্পষ্ট হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিমানগুলিতে ড্রোন কিংবা অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়ে থাকতে পারে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, সামরিক ক্ষেত্রে পাকিস্তান দীর্ঘদিন ধরেই চিন ও তুরস্কের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সম্প্রতি মক্কায় পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে ত্রিপাক্ষিক ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হওয়ার পর এই বিমান চলাচলের বিষয়টি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও তিন দেশই এই চুক্তিকে প্রতিরক্ষামূলক দাবি করেছে, তবুও ইসলামাবাদের সামরিক সক্ষমতা বাড়ানোর এই তৎপরতা ভারতের সুরক্ষাকেও ভাবিয়ে তুলছে। এখন মূল নজর রয়েছে এই বিমানগুলির কার্গো এবং পরবর্তী গতিবিধির ওপর, যা স্পষ্ট করবে এটি নিছক নিয়মিত সামরিক সহযোগিতা নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো অস্ত্র চুক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *