কাশ্মীর নিয়ে মার্কিন কূটনীতিককে তলব, কেন তোলপাড় পাকিস্তান?
বার্তা ডেস্কঃ
জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে রাষ্ট্রদূত সার্জিও গোর উপত্যকাকে ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে বর্ণনা করায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চরম তোলপাড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে বৈঠক শেষে তিনি মার্কিন ট্রাভেল অ্যাডভাইজরি পুনর্বিবেচনারও ইঙ্গিত দেন, যা উপত্যকার পর্যটনে নতুন বার্তা নিয়ে এসেছে। কিন্তু একজন শীর্ষ মার্কিন কূটনীতিকের মুখে এমন বক্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
এই মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সরাসরি তলব করেছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। তারা মার্কিন রাষ্ট্রদূতের এই অবস্থানকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অ্যাখ্যা দিয়ে ফের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পুরোনো প্রস্তাবের দোহাই দিয়েছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অস্বীকার করে ভারত বরাবরই কাশ্মীরকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বলে আসলেও, ওয়াশিংটনের এই নতুন সুর পাকিস্তানের আন্তর্জাতিক প্রচারকে বড়সড় ধাক্কা দিল।