শিলংয়ের জলকাদায় বাজপাখির অবিশ্বাস্য সেভ, রবিবার এবার মেগা কলকাতা ডার্বি!
বার্তা ডেস্কঃ
জল থইথই প্রতিকূল মাঠ ও চরম অনিশ্চয়তার মধ্যে নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করল মোহনবাগান। শিলংয়ের কর্দমাক্ত মাঠে বল গড়ানো কঠিন হয়ে পড়ায় দুই দলকেই মূলত এরিয়াল পাস ও লং বলের ওপর নির্ভর করে খেলতে হয়। নির্ধারিত সময়ে আক্রমণ-প্রতিআক্রমণ চললেও নর্থইস্টের সুযোগ নষ্ট ও মোহনবাগানের সতর্ক রক্ষণে ম্যাচ গোলশূন্য শেষ হয়। সেমিফাইনালের এই কঠিন লড়াই টাইব্রেকারে গড়ালে বাগান জার্সিতে দেখা যায় নতুন চমক মিগুয়েল ও ছাংতের অভিষেক।
টাইব্রেকারের রুদ্ধশ্বাস মুহূর্তে ফের দলের ত্রাতা হয়ে ওঠেন ‘বাজপাখি’ খ্যাত গোলরক্ষক বিশাল কাইথ। পার্থিব গগই ও রবিন যাদবের পরপর দুটি দুর্দান্ত শট রুখে দিয়ে নর্থইস্টের ফাইনালের স্বপ্ন চুরমার করে দেন তিনি। বিশাল কাইথের একক দক্ষতায় সবুজ-মেরুন ৪-৩ ব্যবধানে নাটকীয় জয় ছিনিয়ে নেয়, যার ফলে শেষ শট পর্যন্ত যাওয়ার প্রয়োজনই পড়েনি। এই স্মরণীয় জয়ের সাথে সাথে রবিবাসরীয় ডুরান্ড কাপের ফাইনালে আরও একটি মেগা কলকাতা ডার্বির রোমাঞ্চকর মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত হলো।