ভরসন্ধ্যায় বড়বাজারে দেড় কোটির ডাকাতি, অস্ত্রের মুখে লুটপাট!
বার্তা ডেস্কঃ
কলকাতা শহরের ব্যস্ততম এলাকা বড়বাজারের পোস্তায় ভরসন্ধ্যায় ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। বুধবার সন্ধ্যায় তিন সশস্ত্র দুষ্কৃতী মুখ না ঢেকেই এক ব্যবসায়ীর দোকানে চড়াও হয়। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা লুট করে চম্পট দেয়। ঘটনার সময় আশপাশের একাধিক দোকান বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা চটজলদি চম্পট দেয়। রাত ৯টা ১৫ নাগাদ পুলিশকে খবর দেওয়া হলে পোস্তা থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা আগে থেকেই এলাকাটি রেইকি করে রেখেছিল এবং তারা আশপাশের সিসিটিভি এড়িয়ে কিছুটা দূরে বাইক পার্ক করে হেঁটে দোকানে পৌঁছায়। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ পার্শ্ববর্তী বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের পালানোর রুট শনাক্ত করার চেষ্টা করছে। ব্যবসায়ীর দোকানে নিজস্ব কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় ভিতরের সোর্স বা কোনো কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এত বিশাল অঙ্কের নগদ টাকার উৎস হুন্ডি ব্যবসার কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে লালবাজার পুলিশ।