মন্ত্রীর কুকুরের সুযোগ-সুবিধাও শিক্ষার্থীদের চেয়ে ভালো!

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের লাতুর জেলার একটি সরকারি স্কুলের পরিকাঠামো ও শৃঙ্খলা নিয়ে মারাত্মক সব অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

বৃহস্পতিবার আওসা এলাকার একটি জেলা পরিষদ স্কুলে ‘স্কুল ঠিক করো’ অভিযানের অধীনে পরিদর্শনে যান অভিজিৎ। সেখানে গিয়ে তিনি দাবি করেন, স্কুলটিতে পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই এবং শৌচাগারগুলির অবস্থা অত্যন্ত বেহাল। তাঁর উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো করে শৌচাগার পরিষ্কার করা হয় এবং মিড-ডে মিলের জন্য নতুন থালা এনে সাজিয়ে রাখা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, স্কুল প্রাঙ্গণ থেকে একটি মদের বোতল উদ্ধার হওয়ার দাবিও করেন তিনি। এমনকি, পরিকাঠামো ঢাকা দিতে অন্য স্কুল থেকে ছাত্র এনে ক্লাসে বসিয়ে রাখার অভিযোগ তুলে ক্ষোভের সাথে মন্তব্য করেন— “একজন মন্ত্রীর পোষা কুকুরও এসব শিক্ষার্থীদের চেয়ে উন্নত সুযোগ-সুবিধা পায়!” এই ঘটনার পর মহারাষ্ট্রের স্কুলশিক্ষামন্ত্রী দাদাজি ভুস-এর পদত্যাগ দাবি করেছেন তিনি।

তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জানান, একই ভবনে মারাঠি ও উর্দু—দুটি আলাদা মাধ্যমের ক্লাস চলায় বাইরে থেকে ছাত্র আনার প্রশ্নই ওঠে না। উপস্থিত সমস্ত শিক্ষার্থীরা ওই স্কুলেরই নিয়মিত ছাত্র। পাশাপাশি নতুন থালা আনার দাবিও তিনি নাকচ করে দেন।

এই ঘটনার জল গড়ালে CJP-র পক্ষ থেকে জানানো হয়, এবার থেকে লাতুর জেলার সরকারি ও পুরসভা পরিচালিত স্কুলগুলিতে পানীয় জল, শৌচাগার, নিরাপত্তা ও মিড-ডে মিল সহ ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক অডিট (Social Audit) চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *