১৬ কোটির বেশি দামি সেই পাণ্ডুলিপি! মহাত্মা গান্ধীর কোন সম্পদে শুরু হলো রেকর্ড কাড়াকাড়ি?
বার্তা ডেস্কঃ
মহাত্মা গান্ধীর আদর্শ ও চিন্তাধারা আজও কতটা প্রাসঙ্গিক, তার বড় প্রমাণ মিলল স্যাফ্রনআর্টের সাম্প্রতিক নিলামে। বাপুজির ব্যক্তিগত ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও চিঠিপত্রের মধ্যে নজর কেড়েছে তাঁর নিজের হাতে লেখা ভাবনার সংকলন ‘এ থট ফর দ্য ডে’। দীর্ঘ ২৩ মাস ধরে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানিকে উদ্দেশ্য করে লেখা ৬৮৮টি বার্তার এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি ১৬ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ভারতীয় কোনো ঐতিহাসিক নথির নিলামে বিক্রির ক্ষেত্রে এটি একটি অনন্য বিশ্বরেকর্ড গড়েছে।
ঐতিহাসিক এই নিলামে মহাত্মা গান্ধীর মোট ৮৬টি ‘লট’ তোলা হয়েছিল, যার প্রায় প্রতিটির জন্যই সংগ্রাহকদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। এর মধ্যে ঈশ্বর ও ‘ভগবদ্গীতা’ সম্পর্কিত তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সেট ‘মেসেজ অন গড’ বিক্রি হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ টাকায়। পাশাপাশি তাঁর ব্যবহৃত ‘পেটি চরকা’ ও চরকা বিষয়ক চিঠি বিক্রি হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকায় এবং সই করা একটি বিরল আলোকচিত্র ৭৮ লক্ষ টাকায় হাতবদল হয়েছে।