ব্যবসায়ী অপহরণের নেপথ্যে বিজেপি নেতা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!
বার্তা ডেস্কঃ
ধান ব্যবসায়ীকে অপহরণ করে দু’লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে শীতলকুচির এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও অস্বস্তি ছড়িয়ে পড়েছে।
স্বাধীনতার দিন শীতলকুচির বামনপাড়ার এক ব্যবসায়ী গোসাইহাটে ধান কিনতে গিয়ে অপহৃত হন। অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার পথে তাঁকে ফোন করে ডেকে নিয়ে ১০-১২ জন আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করে। পরবর্তীতে পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ব্যবসায়ীর পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রধান অভিযুক্ত বিজেপি নেতা পঙ্কজ সাহাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। কোচবিহার জেলা বিজেপি সভাপতি জানিয়েছেন, দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং আইন আইনের পথেই চলবে।