চিকেনস নেক সুরক্ষিত করতে অমিত শাহর ঐতিহাসিক ঘোষণা!

বার্তা ডেস্কঃ

৩ দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শিলিগুড়ি করিডর বা ‘চিকেন্স নেক’-এর নিরাপত্তা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সশস্ত্র সীমা বল (SSB)-এর একটি সভায় তিনি জানান, দেশরক্ষা ও স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এই করিডরের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ ‘ত্রিকোণীয় সুরক্ষা গ্রিড’ তৈরি করা হয়েছে। চোপড়া, কিশানগঞ্জ এবং ধূপড়ি—এই তিন প্রধান বেস থেকে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সুরক্ষার পাশাপাশি জমি সংক্রান্ত রাজ্য রাজনীতির ইস্যুও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সিকিউরিটি এজেন্সিগুলোর জন্য প্রয়োজনীয় ৫৬০ একর জমি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেননি, যার ফলে সীমান্তের কাঁটাতার ও সুরক্ষার কাজ থমকে ছিল। তবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে ১১২৯ একর জমি হস্তান্তর করায় সেই সমস্যার সমাধান সম্ভব হয়েছে।

শাহ স্পষ্ট করে দেন যে, শুধু বাহিনী দিয়ে সীমান্ত রক্ষা সম্ভব নয়, স্থানীয় মানুষের অংশগ্রহণও সমান জরুরি। সেই উদ্দেশ্যেই ২০২৬-২৭ বাজেটে নতুন ‘দিল্লি-শিলিগুড়ি রেল করিডর’ তৈরির কথা উল্লেখ করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্য এবং নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডরের সুরক্ষায় কেন্দ্র যে কোনো আপস করবে না, তা তাঁর বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *