খাদ্যপণ্যে ভেজাল নিয়ে FSSAI-এর চরম হুঁশিয়ারি, চাপে পড়ে পিছু হটল নামী সংস্থাগুলো!

বার্তা ডেস্কঃ

খাদ্যপণ্যের প্যাকেটে বা বিজ্ঞাপনে ‘১০০ শতাংশ খাঁটি’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ কিংবা ‘১০০ শতাংশ ভেগান’-এর মতো চটকদার দাবি ব্যবহারের দিন শেষ হতে চলেছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর কড়া আপত্তির মুখে পড়ে ইমামী, বন্ বিস্কুট, অ্যামওয়ে, অ্যাপিস ইন্ডিয়া ও মাস্টারচৌ-এর মতো শীর্ষস্থানীয় খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের প্যাকেজিং এবং প্রচার থেকে এই ধরনের দাবি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বক্তব্য, কোনো পণ্যের গুণমান সম্পর্কে এ ধরনের ১০০ শতাংশ নিশ্চিত দাবি ক্রেতাদের বিভ্রান্ত করে এবং এর পক্ষে উপযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ রাখা আবশ্যক।

আইনি জাঁতাকলে পড়ে ইতিমধ্যেই একাধিক সংস্থা বাজার থেকে পুরনো প্যাকেজজাত পণ্য তুলে নেওয়া এবং ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর শব্দ ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেছে। কেরলের জুজা ফুডস তো প্রয়োজনীয় নথি না থাকায় অনলাইন ব্যবসাও সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়। এমনকি শিশুদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে নারকেল তেল ও নুডলসের প্রচার থেকেও বাদ পড়ছে ‘১০০ শতাংশ’ শব্দগুচ্ছ। বিশেষজ্ঞদের মতে, FSSAI-এর এই নজিরবিহীন কড়াকড়ির ফলে আগামী দিনে খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনের ক্ষেত্রে গুণগত সত্যতা বজায় রাখা বাধ্যতামূলক হয়ে দাঁড়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *