রায় ঘোষণা হতেই নাটক, সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি!
বার্তা ডেস্কঃ
রায় ঘোষণার ঠিক আগে বিচারপতির চেম্বারে ঢুকে মামলার গোপন নথি দেখার গুরুতর অভিযোগ উঠল। তৃণমূল নেতা সুজিত বসুর জামিন মামলার শুনানি চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতির ব্যক্তিগত সচিবের সঙ্গে আঁতাত করে মামলার নথি হাতানোর চেষ্টার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করে মামলাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
আদালত সূত্রে জানা যায়, রায়দানের আগের দিন সুজিত বসুর পক্ষে এক আইনজীবী বিচারপতির ব্যক্তিগত সচিবের মাধ্যমে চেম্বারের ভেতরের নথি দেখতে চান। তবে চেম্বারের কর্মীদের তৎপরতায় সেই নথি দিতে অস্বীকার করা হয়। এই ঘটনাকে বিচারব্যবস্থার নিরপেক্ষতার ওপর বড় আঘাত হিসেবে দেখছেন বিচারপতি। বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতির এমন নজিরবিহীন পদক্ষেপে আইনি মহলে ও রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।