আর লাইনে দাঁড়িয়ে ভোগান্তি নয়, ঘরে বসেই পান FASTag লোকাল পাস!
বার্তা ডেস্কঃ
টোল প্লাজার ঝামেলা এড়াতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও মসৃণ করতে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এবার থেকে আর টোল প্লাজায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে লোকাল পাসের জন্য আবেদন করতে হবে না। মঙ্গলবার থেকে দেশের ১২১টি টোল প্লাজায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ডিজিটাল লোকাল পাস পরিষেবা। মোবাইল অ্যাপ ‘রাজমার্গ যাত্রা’-র মাধ্যমে এখন ঘরে বসেই খুব সহজে এই পাসের জন্য আবেদন করা যাবে।
নতুন ব্যবস্থার কার্যপদ্ধতি পূর্বে টোল প্লাজায় সশরীরে উপস্থিত হয়ে বাসস্থানের প্রমাণপত্রসহ বিভিন্ন নথি জমা দিয়ে পাস সংগ্রহ করতে হতো। নতুন এই ডিজিটাল প্রক্রিয়ায় সরাসরি DigiLocker এবং VAHAN পোর্টালকে যুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীর নথিপত্র এবং গাড়ির তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে, যা পুরো প্রক্রিয়াটিকে দ্রুত, স্বচ্ছ ও সহজ করে তুলবে।
কারা এই সুবিধা পাবেন? যেসব গাড়িচালক সংশ্লিষ্ট টোল প্লাজার ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাস করেন, তাঁরাই কেবল এই লোকাল পাস আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আপনার এলাকার টোল প্লাজায় এই পরিষেবা চালু রয়েছে কি না তা জানতে অথবা আবেদন করতে NHAI-এর অফিসিয়াল পোর্টাল (https://rajmargyatra.nhai.gov.in/buy-fastag-local-pass) ভিড় করতে পারেন।
ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ্য, ২০২৬ সালের জুলাই মাসে দিল্লির আরবান এক্সটেনশন রোড-II (মুন্ডকা ও বাকারওয়ালা) টোল প্লাজায় পরীক্ষামূলকভাবে পরিষেবাটি শুরু হয়েছিল। সেখানে সাফল্য মেলার পরেই দেশজুড়ে ১২১টি টোল প্লাজায় এটি ছড়িয়ে দেওয়া হয়। আগামী দিনে দেশের অন্যান্য টোল প্লাজাগুলোতেও এই ডিজিটাল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময় বাঁচানো এবং টোল প্লাজার যানজট কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।