জুতোর ব্যবসায় ইতি, নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে গ্রেফতার ‘শিখা ইন’-এর মালিক!

বার্তা ডেস্কঃ

জোড়াসাঁকোর চটি-জুতোর ব্যবসা ছেড়ে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে বিনিয়োগ করেই বিপাকে পড়েছেন মধ্য কলকাতার ব্যবসায়ী আবু জাফর। গত মঙ্গলবার রাতে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। এন্টালিতে এক আত্মীয়ের বাড়ি থেকে উত্তরপ্রদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে পাকড়াও করা হয়। ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তে জানা গেছে, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা ফায়ার অ্যালার্ম ছাড়াই সম্পূর্ণ নিরাপত্তার তোয়াক্কা না করে হোটেলটি চালানো হচ্ছিল।

দীর্ঘদিন জুতো ব্যবসা করার সুবাদে নিউ মার্কেট এলাকার হোটেল ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়ে জাফরের। এরপর মূল মালিকের কাছ থেকে ১১ মাসের চুক্তিতে মাসিক ৪০ হাজার টাকায় হোটেলের ৩ তলার নয়টি ঘর নিজের স্ত্রীর নামে লিজ নিয়েছিলেন তিনি। ঘটনার রাতে খবর পেয়েও তিনি ঘটনাস্থলে না গিয়ে সপরিবারে গা-ঢাকা দেন। বর্তমানে তার স্ত্রীর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার পর শহরের লিজ ও সাব-লিজের চক্রব্যূহে চলা অবৈজ্ঞানিক হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *