রাতের আঁধারে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষোভে ফুঁসলেন তিনি!

বার্তা ডেস্কঃ

সরকারি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখতে রাতের অন্ধকারে হঠাৎ পরিদর্শনে বের হলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এই আকস্মিক পরিদর্শনে একাধিক অব্যবস্থা ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রোগীদের চিকিৎসা পরিষেবায় গাফিলতি থেকে শুরু করে হাসপাতালের সার্বিক নিরাপত্তা—সবকিছুই এদিন তাঁর কড়া পর্যবেক্ষণের মুখে পড়ে।

পরিদর্শনকালে রোগী ও তাঁদের স্বজনেরা মন্ত্রীর কাছে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সরাসরি ভর্ৎসনা করেন। এছাড়া, দীর্ঘক্ষণ ডিউটি করা নার্সিং স্টাফ ও মহিলা চিকিৎসকদের জন্য কোনো উপযুক্ত বিশ্রামাগার না থাকার বিষয়টিও তাঁর নজরে আসে, যা নিয়ে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।

পরপরিচ্ছন্নতার পাশাপাশি রাতের শিফটে কর্মরত কর্মী ও রোগীদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসপাতাল চত্বরের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

সাধারণ মানুষ ও রোগীর স্বজনেরা স্বাস্থ্যমন্ত্রীর এই ‘সারপ্রাইজ ভিজিট’-কে স্বাগত জানিয়েছেন। তাঁদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রাতে জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মন্ত্রীর এই কড়া অবস্থানের পর হাসপাতাল কর্তৃপক্ষের সংস্কারমূলক পদক্ষেপে পরিষেবার মান কতটা উন্নত হয়, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *