নিউমার্কেটের হোটেলে শেষ মুহূর্তের সেই রহস্য কী!
বার্তা ডেস্কঃ
কলকাতা নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন আবাসিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হওয়ার পাশাপাশি মৃতদের প্রত্যেকের শরীরেই মারাত্মক পোড়ার ক্ষতচিহ্ন মিলেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ, ঘরের ভেতরে তীব্র ধোঁয়া ও আতঙ্কের জেরে আবাসিকরা প্রথমে অচৈতন্য হয়ে পড়েন। এরপর দমকল পৌঁছনোর আগে বহুতল জুড়ে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়লে সংজ্ঞাহীন অবস্থায় থাকা আবাসিকদের ত্বক ও শরীর পুড়তে শুরু করে। যেহেতু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তারা চেতনা হারিয়েছিলেন, তাই শারীরিক যন্ত্রণা অনুভব করা বা আর্তনাদ করার সুযোগ ছিল না।
অগ্নিপ্রতিরোধ ব্যবস্থার চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা আরও প্রাণঘাতী হয়ে ওঠে বলে উঠে এসেছে তদন্তে। আগুন লাগার পর হোটেলের কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি এবং প্রধান সিঁড়ির কাছেই প্রথম আগুন লাগায় বাইরে বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। এমনকি জরুরি মুহূর্তে হোটেলের লিফটও সম্পূর্ণ বন্ধ ছিল। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ও ফরেন্সিক দল। প্রাথমিক অনুসন্ধানে হোটেলের স্যুইচ বোর্ড অথবা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ঘটনার মূল উৎস এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।