হাই কোর্টে বড় স্বস্তি অভিষেকের, মিলল আরও তিন মামলার রক্ষাকবচ!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাই কোর্ট থেকে আরও তিনটি মামলায় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অনুষ্ঠিত শুনানিতে বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানার নির্দিষ্ট কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ছাব্বিশের নির্বাচনের পর দায়ের হওয়া মোট ১৬টি মামলার মধ্যে এখনও পর্যন্ত আটটিতে আইনি সুরক্ষা বা রক্ষাকবচ পেলেন তিনি। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলাগুলির পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

সাম্প্রতিক অতীতে সেবাশ্রয় সংক্রান্ত বেনিয়ম, জমি দুর্নীতি এবং ডিজে বাজানোর মতো একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এর আগে সিআইডি ও রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। শুক্রবারের শুনানিতে সেবাশ্রয়ের দুর্নীতি সংক্রান্ত একটি এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি যুক্তি উপস্থাপন করা হলেও আদালত পরবর্তী শুনানিতে বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। সার্বিক রক্ষাকবচের আবেদন না মঞ্জুর হলেও, ধারাবাহিক আইনি লড়াইয়ে এই অন্তর্বর্তীকালীন স্বস্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *