পাকিস্তান অতীত, ভারত এখন চিনের মোকাবিলায় প্রস্তুত!

বার্তা ডেস্কঃ

ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে দেশের বর্তমান নিরাপত্তা এবং ভবিষ্যৎ ভূরাজনীতি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক মন্তব্য করেছেন। তাঁর নতুন বই ‘দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফায়েড: আনআর্থিং মিলিটারি মিথস অ্যান্ড মিস্ট্রিজ’-এর প্রকাশনা অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘমেয়াদে ভারতের প্রধান ও সবচেয়ে বড় কৌশলগত প্রতিযোগী হয়ে উঠতে পারে চিন। তবে বর্তমান পরিস্থিতিতে পশ্চিম সীমান্তে পাকিস্তান থেকেই বড় ধরনের তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি বজায় রয়েছে। বিশেষ করে পাকিস্তান থেকে লাগাতার জঙ্গিবাদে মদত পাওয়ার কারণে ভারতের ওপর নিরাপত্তা চাপ সবসময়ই বেশি থাকে।

প্রাক্তন সেনাপ্রধানের মতে, পাকিস্তান এবং চিনের হুমকির চরিত্র সম্পূর্ণ আলাদা। চিনকে শত্রু নয়, বরং রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ ‘প্রতিযোগী’ হিসেবে দেখা উচিত। এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বেইজিংয়ের যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে দেশের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে শক্তি প্রয়োগের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটানোর পক্ষে সওয়াল করলেও, যেকোনো বিপদের আশঙ্কায় শক্তিশালী সামরিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা জরুরি বলে মনে করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *