অমিত শাহের সফরের মাঝেই বড় সাফল্য, এনজেপিতে পাকড়াও চার সন্দেহভাজন রোহিঙ্গা!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফর এবং তিন দিক থেকে নেওয়া কঠোর নিরাপত্তার আবহে বড় সাফল্য পেল রেল পুলিশ। অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে রোহিঙ্গা সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর পা রাখার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ঠিক সেই সময়েই এনজেপি স্টেশনের প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই চারজনকে। পরে রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে ভারতের কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ ও গোয়েন্দাদের অনুমান, ধৃতরা সকলেই রোহিঙ্গা এবং তাঁরা অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বর্তমানে তাঁদের কঠোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বরাবরই কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাকে পাকড়াও করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান উত্তরবঙ্গ সফর এবং নিরাপত্তা বলয়ের মাঝে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *