হঠাৎ অসুস্থ মীরা ভট্টাচার্য, কেমন আছেন প্রয়াত মুখ্যমন্ত্রীর স্ত্রী?

বার্তা ডেস্কঃ

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য আচমকা অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দুপুর নাগাদ তীব্র শ্বাসকষ্ট, কাশি ও পেটব্যথা নিয়ে আলিপুরের ওই স্বনামধন্য হাসপাতালে ভর্তি হন সত্তরোর্ধ্ব মীরাদেবী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর বিশিষ্ট চিকিৎসক ডা. সৌপ্তিক পাণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কিছু সময় হাসপাতালেই থাকতে হবে।

স্বামীর প্রয়াণের পর বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িতে একাই বসবাস করতেন মীরা ভট্টাচার্য। তাঁর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে খোঁজ নিয়েছেন একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। শনিবার সকালে তাঁর বেশ কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। হৃদযন্ত্রে আগে থেকেই পেসমেকার বসানো এই প্রবীণার আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন রাজনৈতিক মহল ও তাঁর শুভানুধ্যায়ীরা। তবে চিকিৎসকদের আশ্বাসে এবং ফুসফুসের সংক্রমণ দ্রুত কাটিয়ে তিনি শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *