শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকার পোষিত ‘গ্রান্টস-ইন-এইড’ স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) না পাওয়া নিয়ে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-র অংশ পেলেও কেন এই শিক্ষকরা বঞ্চিত, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সরাসরি অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাই কোর্ট।
অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের (ABTA) দায়ের করা এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে, রাজ্যকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা পেশ করে নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম ও সুদীপ্ত দাসগুপ্ত সওয়াল করার পর আদালত পরিষ্কার জানায়—এবিটিএ-র দাবি মেনে ঠিক কবে থেকে শিক্ষকদের বকেয়া ডিএ প্রদান করা হবে, তার নির্দিষ্ট সময়সূচি ও রূপরেখা জানাতে হবে রাজ্যকে।
এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া চলছে। তবে শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া না পাওয়ায় আদালতের এই কড়া মনোভাবের পর আগামী ১১ সেপ্টেম্বরের শুনানির দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের শিক্ষক মহল।