শিক্ষকদের জনগণনার কাজ নিয়ে বড় আইনি লড়াই কলকাতা হাইকোর্টে!
বার্তা ডেস্কঃ
জনগণনার কাজের দরুন কোনোভাবেই যেন স্কুলগুলির পঠনপাঠনে ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, জনগণনার দায়িত্বে থাকা শিক্ষকদের ওই কাজের সময় ‘অন ডিউটি’ হিসেবেই গণ্য করতে হবে। একই সঙ্গে পঠনপাঠন প্রক্রিয়া সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাজ অন্য শিক্ষকদের মধ্যে বন্টন করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের। সেন্সাস ডিরেক্টরই সংশ্লিষ্ট শিক্ষকদের সমস্ত দায়িত্ব ও নির্দিষ্ট সময়সীমা বুঝিয়ে দেবেন।
এর আগে সপ্তাহান্তে বা ছুটির দিনে শিক্ষকদের জনগণনার কাজ করানোর যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছিল, আইনি জটিলতার মুখে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রের সমন্বয়হীনতার মাঝে পঠনপাঠনের স্বার্থ সুরক্ষায় জোর দিয়ে বিকাশ ভবন পূর্বের নির্দেশিকাটি বাতিল করার ঘোষণা দেয়। আদালতের হস্তক্ষেপে বিষয়টি এখন নিশ্চিত যে, স্বাভাবিক কর্মদিবস বা স্কুলের সময়ের সঙ্গেই এই কাজ পরিচালিত হবে। তবে শিক্ষকরা কাজ থেকে পূর্ণ অব্যাহতি পাচ্ছেন না; তাঁদের নতুন সময়সূচি ঠিক করবে সেন্সাস বোর্ড।