প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটা বদলে দিতে পারে আপনার জীবন!
বার্তা ডেস্কঃ
ব্যস্ততার কারণে যারা জিমে যেতে পারেন না, তাদের জন্য কেবল ৩০ মিনিট নিয়ম করে হাঁটাই হতে পারে সুস্থ থাকার সেরা চাবিকাঠি। নিয়মিত হাঁটার এই সহজ অভ্যাসটি হার্টের স্বাস্থ্য উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর ফলে রক্ত সঞ্চালন বাড়ে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। একই সাথে এটি মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক প্রশান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও হাঁটার বিকল্প নেই। নিয়মিত হাঁটলে মস্তিষ্ক থেকে হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা বিষণ্নতা ও মানসিক চাপ কমিয়ে রাতের ঘুম গভীর করে। এটি শরীরের হাঁটু, কোমর ও জয়েন্টের পেশি মজবুত করে এবং হজমপ্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। পাশাপাশি মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়িয়ে স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে এবং আলঝেইমারের ঝুঁকি কমাতে প্রতিদিনের এই ৩০ মিনিটের হাঁটা অত্যন্ত কার্যকরী।