অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে ধুন্ধুমার, মন্ত্রীর হস্তক্ষেপে স্তব্ধ রেল!
বার্তা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক চলাকালীন অন্নপূর্ণা ভান্ডারের বকেয়া টাকার দাবিতে জেলাশাসকের দফতরে চড়াও হন ক্ষুব্ধ মহিলারা। উদ্ভূত গোলযোগ সামাল দিতে দুপুর ২:৩০টা নাগাদ বৈঠক মাঝপথে থামিয়ে নিচে নেমে আসতে বাধ্য হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমনে মন্ত্রী বলেন, “একটু সময় দিন, সবে ১০০ দিন হলো। ভেরিফিকেশনে কেন নাম বাদ গেল তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি প্রাপকদের এসডিঅ ও বিডিঅ অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেন, যদিও মহিলারা স্পষ্ট জানান যে তারা দীর্ঘদিন ধরে এক মাসেরও টাকা পাননি।
একই দাবিতে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উত্তর ২৪ পরগনার বিরাটিতে মহিলারা রেল অবরোধ করলে হাসনাবাদ-শিয়ালদহ ডাউন লোকালসহ একাধিক ট্রেন আটকে পড়ে এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকে। পরিস্থিতির উত্তাপ পৌঁছে যায় উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়—হাবড়া, হুগলি, বাঁকুড়া, আলিপুরদুয়ার ও মালদাতেও চলে বিক্ষোভ প্রদর্শন। এমনকি কলকাতার ফুলবাগান থানার সামনে এবং বেহালা চৌরাস্তাতেও পথ অবরোধ করে মহিলারা বকেয়া টাকার সুবিধার্থে সরব হন।