‘১০০% খাঁটি’ দাবি করা ৫ নামী ব্র্যান্ডের বিপদ!
বার্তা ডেস্কঃ
প্যাকেজজাত খাদ্যপণ্যের প্যাকেটে ‘১০০% খাঁটি’, ‘১০০% প্রাকৃতিক’ বা ‘১০০% হোল গ্রেইন’-এর মতো বিভ্রান্তিকর দাবি করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ (FSSAI)। ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী খাদ্যপণ্যে ‘১০০%’ শব্দের কোনো আইনি ভিত্তি নেই এবং এ ধরনের প্রচার ক্রেতাদের বিভ্রান্ত করার পাশাপাশি বিজ্ঞাপন বিধির সম্পূর্ণ লঙ্ঘন। এফএসএসএআই-এর নির্দেশনার পর বোন বিস্কুট, জ্যান্ডু হানি প্রস্তুতকারী ইমামি, এপিস ইন্ডিয়া, অ্যামওয়ে ইন্ডিয়া, জুজা ফুডস এবং মাস্টারচাও ফুডসের মতো পাঁচটি নামী প্রতিষ্ঠান তাদের প্যাকেজিং ও বিজ্ঞাপন থেকে এই ধরনের অতিরঞ্জিত দাবি তুলে নিতে বাধ্য হয়েছে।
এই কড়া পদক্ষেপের ফলে সাধারণ ক্রেতারা বাজারে কেনাকাটা করার সময় বিভ্রান্তিকর প্রচারের হাত থেকে রক্ষা পাবেন এবং পণ্যের সঠিক তথ্য জানতে পারবেন। এখন থেকে প্রস্তুতকারক সংস্থাগুলোকে প্যাকেটের ভেতরে থাকা উপাদান এবং তার সঠিক পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোনো খাদ্যের প্যাকেটে নিয়মবহির্ভূত বা বিভ্রান্তিকর দাবি চোখে পড়লে ভোক্তারা সরাসরি ‘ফুড সেফটি কানেক্ট’ অ্যাপের মাধ্যমে এফএসএসএআই-এর কাছে অভিযোগ জানাতে পারবেন। নির্দেশ অমান্যকারী একাধিক সংস্থা ইতোমধ্যে তাদের লেবেল বদলেছে এবং কিছু প্রতিষ্ঠান ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রেখেছে।