১০ অক্টোবরের মধ্যে ভাঙা রাস্তা সারাই, নবান্নের চরম হুঁশিয়ারি!
বার্তা ডেস্কঃ
রাজ্যের গ্রামীণ রাস্তার বেহাল দশা ও মেরামত কাজের শ্লথ গতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে কড়া নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। পথশ্রী, আরআইডিএফ ও স্টেট ফান্ডের অধীনস্থ প্রকল্পগুলির বাস্তবায়নে পিআইইউ-গুলির গাফিলতি, তদারকির অভাব এবং ত্রুটিপূর্ণ ঠিকাদারদের ছাড় দেওয়ার মতো বিষয়গুলি পর্যবেক্ষণ বৈঠকে সামনে এসেছে। সাম্প্রতিক বর্ষায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জনস্বার্থের কথা মাথায় রেখে দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা গর্তমুক্ত ও ব্যবহারযোগ্য করে তুলতে হবে এবং চলতি কাজগুলি ৬০ দিনের মধ্যে শেষ করতে হবে। এই নির্ধারিত সময়সীমা কোনো অবস্থাতেই বাড়ানো হবে না।
এই প্রশাসনিক নির্দেশে শুধু ঠিকাদার সংস্থাই নয়, দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট আধিকারিকদের ওপরেও সরাসরি দায়বদ্ধতা চাপানো হয়েছে। তদারকিতে গাফিলতি বা ত্রুটিপূর্ণ সংস্থাকে আড়াল করার চেষ্টা করা হলে আধিকারিকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পাশাপাশি ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে গৃহীত ব্যবস্থার বিস্তারিত রিপোর্ট (ATR) দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ জীবনের সঙ্গে বাজার, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের যোগাযোগ সরাসরি যুক্ত থাকায় এই মেরামতের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার ও অতি জরুরি হিসেবে গণ্য করে নবান্ন স্পষ্ট বার্তা দিয়েছে যে, কাজের ক্ষেত্রে আর কোনো অজুহাত বরদাস্ত করা হবে না।