হাজার মানুষের মাংস খেয়েছিল এই নরখাদক পরিবার!
বার্তা ডেস্কঃ
হলিউডের বিখ্যাত ‘রং টার্ন’ ছবির নেপথ্যে থাকা হাড়হিম করা বাস্তব ঘটনা বহু মানুষকে আঁতকে তোলে। ষোড়শ শতাব্দীতে স্কটল্যান্ডের অদূরে এক দুর্গম গুহায় বসবাসকারী সনি বিন ও তাঁর পরিবার প্রায় ২৫ বছর ধরে সাধারণ পথচারীদের হত্যা করে তাঁদের মাংস ভক্ষণ করেছিল বলে জানা যায়। প্রায় এক হাজারের বেশি মানুষকে বন্দি করে হত্যা করা এই নরখাদক পরিবারের অদ্ভুত এবং বিকৃত জীবনধারা সমাজকে এক চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমসের নির্দেশে গোটা পরিবারটির মৃত্যুদণ্ড কার্যকর হয়।
তবে এই বিভৎস ঘটনার সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও দীর্ঘ বিতর্ক রয়ে গেছে। অনেকে মনে করেন তৎকালীন সময়ে স্কটল্যান্ডকে নেতিবাচকভাবে তুলে ধরার লক্ষ্যে এই ধরনের কাল্পনিক কুৎসিত আখ্যান প্রচার করা হয়েছিল। এমনকি চতুর্দশ শতাব্দীর কুখ্যাত অপরাধী ক্রিস্টি ক্লিকের ঘটনাকেও সনি বিন পরিবারের মূল ভিত্তি বলে মনে করেন একদল গবেষক। সত্যি হোক বা স্রেফ একটি প্রচলিত রূপকথা, শত শত বছর পরেও বিকৃত মনস্তত্ত্বের এই ভয়ঙ্কর গল্প আজও বিশ্ববাসীকে সমানভাবে শিহরিত করে।