শিলিগুড়ির প্রদীপ্তকে ঘিরে তোলপাড়, বাংলাদেশ হয়ে পাকিস্তানে যেত হাওয়ালার কোটি কোটি টাকা!
বার্তা ডেস্কঃ
পাক গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) জালে ধরা পড়েছে শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ্তকুমার সরকার। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত মূলতঃ এক বিশাল হাওয়ালা নেটওয়ার্ক পরিচালনা করত। নেপাল ও উত্তরবঙ্গ সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশে হাওয়ালার অর্থ পাঠানো হতো এবং সেখান থেকে সেই টাকা পৌঁছে যেত পাক গুপ্তচর ও স্লিপার সেলের হাতে। আন্তর্জাতিক এই চক্রের কাজের জন্য প্রদীপ্ত একটি বিশেষ সিম ব্যবহার করত, যা সরাসরি পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছিল। উদ্ধার হওয়া ওই সিম কার্ডটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন এসটিএফের তদন্তকারীরা।
অন্যদিকে জালনোট ও সিম কার্ড পাচারকাণ্ডে ইসলামপুর থেকে ধৃত তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জাকির হোসেনের ভাই ফজেল রাব্বি সিদ্দিকিকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জালনোটের ব্যবসা চালানো রাব্বির সঙ্গে দিল্লিতে ধৃত প্রদীপ্ত সরকারের কোনো প্রত্যক্ষ যোগযোগ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও জানা গেছে, আন্তর্জাতিক হাওয়ালার হিসাব সমন্বয় করতে প্রদীপ্তকে মাঝে মাঝেই বাংলাদেশে যাতায়াত করতে হতো। বর্তমানে ধৃত প্রদীপ্তকে হেফাজতে নিয়ে জালনোট কারবার ও সীমান্তপারের গুপ্তচর চক্রের শেকড় খুঁজতে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এসটিএফ আধিকারিকরা।