বাঁধ ভাঙার আর্তনাদ! ১৫ গ্রামের মানুষ এখন জলে ভাসছে!
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে টানা অতিবৃষ্টির জেরে বীরভূমের কুয়ে নদী ফুলে-ফেঁপে উঠে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। নদীর জল কান্দরকুলা থেকে বাগসিনা যাওয়ার রাস্তার ওপর উঠে আসায় নিরাপত্তার স্বার্থে পুলিশ যাতায়াত বন্ধ করে দিয়েছে। এর ফলে লাভপুরের বিস্তৃত এলাকার সঙ্গে কীর্ণাহারের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুয়ে নদীর আশঙ্কাজনক জলবৃদ্ধিতে কান্দারকুলা, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর ও খাপুরসহ ঠিবা এবং জামনা অঞ্চলের প্রায় ১৫টি গ্রামের হাজার হাজার বাসিন্দা বর্তমানে বাঁধ ভাঙার তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন।
যোগাযোগব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ও চাকরিজীবীদের বিকল্প দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পারাপারের জন্য জরুরি ভিত্তিতে নৌকার ব্যবস্থা করা হলেও তা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই নিত্যপ্রয়োজনীয় কাজে বাসিন্দারা নৌকায় নদী পারাপার করছেন। কুয়ে নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় নদীর পার ও সংলগ্ন বাঁধগুলোর দিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন, তবে সার্বিক প্লাবনের শঙ্কা ও চূড়ান্ত দুর্ভোগের মধ্য দিয়েই আতঙ্কে দিন-রাত পার করছেন বানভাসি মানুষ।