অর্থনৈতিক অবস্থাই হোক মাপকাঠি, রাজধানীর যন্তর মন্তরে তুঙ্গে বিক্ষোভ!
বার্তা ডেস্কঃ
দিল্লির যন্তর মন্তরে শুক্রবার দেশের কোটা সিস্টেম বা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনের মূল দাবি ছিল সরকারি সুযোগ-সুবিধা, স্কলারশিপ ও কোচিং সহায়তার ক্ষেত্রে জাতিগত পরিচয়ের বদলে শিক্ষার্থীদের আর্থিক অবস্থাকেই একমাত্র মাপকাঠি করা উচিত। “সংরক্ষণ হোক দরিদ্রদের জন্য, জাতি দেখে নয়”—এই স্লোগানে সরব হন আন্দোলনকারীরা। একই সঙ্গে তাঁরা বিতর্কিত ইউজিসি (UGC) নীতির বিরোধিতা করার পাশাপাশি বিতর্কিত SC/ST (প্রতিরোধ অ্যাক্ট) সম্পূর্ণ বাতিলের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, এই সংরক্ষণের সুফল প্রকৃত সুবিধাবঞ্চিতদের কাছে পৌঁছচ্ছে না।
শুক্রবার সকাল থেকেই যন্তর মন্তরে বিপুল সংখ্যক যুবক ও আন্দোলনকারী জড়ো হতে শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ও বিশৃঙ্খলা এড়াতে তৎপর হয় পুলিশ প্রশাসন। আন্দোলনকারীরা এলাকা ছাড়তে অস্বীকার করলে পুলিশ তাঁদের জোরপূর্বক সরিয়ে দেয় এবং একাধিক বিক্ষোভকারীকে আটক করে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য তাঁদের নেই, তবে সরকারি সাহায্য যেন সঠিক ও প্রকৃত অভাবী মানুষের কাছেই পৌঁছায়।