ভাঙড়ে বোর্ড গঠন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, কাঠগড়ায় আইএসএফ!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। শুক্রবার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনের কথা থাকলেও আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। অভিযোগ, এরপর তৃণমূলের সদস্যরা পঞ্চায়েত ভবন থেকে ফিরে যাওয়ার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে ISF কর্মী-সমর্থকরা। এই হামলায় এক তৃণমূল মহিলা কর্মী গুরুতর আহত হন। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়।
অন্যদিকে, হামলা ও হিংসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিরোধী দল ISF। পঞ্চায়েতের বিরোধী দলনেতা মহম্মদ রাজিবুল মোল্লা জানান, ক্ষমতাসীন দলের অনাস্থা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতেই তাঁরা নিয়ম মেনে হাজির হয়েছিলেন। তাঁদের ১৪ জন সদস্য একজোট রয়েছে এবং তারা গণতান্ত্রিক পথেই এগিয়ে রয়েছে। কোনো টাকা বা বলপ্রয়োগ করে পঞ্চায়েত দখলের রাজনীতিতে তারা বিশ্বাসী নয় বলেও দাবি করেন তিনি। ভাঙড়ে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে পরবর্তী নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।