সীমান্তে ‘স্মার্ট’ ত্রিস্তরীয় নিরাপত্তা, চিকেনস নেক সিল করতে শাহের মাস্টারপ্ল্যান!
বার্তা ডেস্কঃ
উত্তরবঙ্গের অতি সংবেদনশীল ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিতে একচুলও ছাড় দিতে নারাজ কেন্দ্র। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অনুপ্রবেশ পুরোপুরি রুখে দিতে সশস্ত্র সীমা বল (এসএসবি), বিএসএফ ও রাজ্য পুলিশকে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ থেকে একাধিক সন্দেহভাজন চরের গ্রেপ্তার এবং প্রতিবেশী নেপালকে ব্যবহার করে ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্যের প্রেক্ষাপটে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর পাশাপাশি নজরদারি ব্যবস্থা আরও নিখুঁত করতে কড়া বার্তা দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিছিদ্র করতে ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ বা অত্যাধুনিক ত্রিস্তরীয় ফেন্সিং ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি নতুন রাজ্য সরকার দ্রুততার সাথে ১,১২৯ একর জমি হস্তান্তর করায় এই কাজে গতি এসেছে। এর পাশাপাশি ১৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একাধিক প্রশাসনিক ও প্রযুক্তিগত পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সীমান্তে তৈরি হতে চলা ১০টি নতুন বর্ডার আউটপোস্টের মধ্যে ২টি উত্তরে স্থাপন করা হবে, যা অনুপ্রবেশ প্রতিরোধে বড় ভূমিকা নেবে।