বঙ্গোপসাগরে বড়সড় বিপর্যয়, ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ!
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে বড়সড় বিপর্যয়ের মুখে পানামার পতাকাধারী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান-উইনার’। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। জাহাজে থাকা ২৪ জন নাবিক ও ক্রু সদস্যের কোনো খোঁজ না মেলায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি শুরু হয়েছে। নিখোঁজ এই ২৪ জনের মধ্যে ২০ জন চিনের, ৩ জন মায়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েছে ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী। শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের তত্ত্বাবধানে কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ জাহাজ ছাড়াও ‘বিজিত’ নামের জাহাজটিকে সহায়তার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, আশপাশের বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক করে উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কতজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে প্রশাসন বা উদ্ধারকারী দলের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।