পেসমেকার বসানোর পরও থামবে কি সেই চেনা অভ্যেস! সিগারেট ছাড়তে পারবেন কি বিমান বসু?

বার্তা ডেস্কঃ

দুধ সাদা ধুতি-পাঞ্জাবি এবং পক্ককেশী অশীতিপর বৃদ্ধের হাতের দু’আঙুলের মাঝে জ্বলন্ত সিগারেট থাকা যেন এক পরিচিত দৃশ্য। শত অনুরোধেও যিনি ধূমপানে কখনও বিরতি টানেননি, বুকে পেসমেকার বসানোর পর সেই তাঁর জন্যই চিকিৎসকদের কড়া নিদান—চিরতরে বিদায় জানাতে হবে ধূমপানকে। কিন্তু ফ্রন্ট চেয়ারম্যান কি আদৌ শুনবেন এই পরামর্শ? তা নিয়েই এখন চরম চিন্তায় আলিমুদ্দিন স্ট্রিট। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক বৈঠক হোক বা টিভির সামনে দাঁড়িয়ে ক্রিকেট দেখা, বিমানের এই অভ্যেস সর্বজনবিদিত। বর্তমানে দিল্লি এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, হাসপাতাল থেকে ফেরার পর তিনি ধূমপান ছাড়তে পারবেন কি না, তা ঘিরেই এখন সিপিএমের অন্দরের আলোচনা তুঙ্গে।

গত ১ জুলাই ৮৭ বছরে পা দেওয়া বর্ষীয়ান এই নেতার রোজনামচায় ছিল পরিমিত আহার এবং ধূমপান। সম্প্রতি দলীয় কাজে দিল্লি গিয়ে অসুস্থ বোধ করার পর এইমসে তাঁর অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর খাদ্যাভাস ও জীবনশৈলীতে এই বড় পরিবর্তনের পর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটছে না কমরেডদের। চিকিৎসকদের কঠোর নির্দেশ মেনে বিমান বসু তাঁর দীর্ঘদিনের এই অভ্যেস ত্যাগ করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *