রাতারাতি ৫ লক্ষ টাকা জিতে তাক লাগাল কুৎসিত কুকুর!

বার্তা ডেস্কঃ

সৌন্দর্যের প্রতিযোগিতার কথা শোনা গেলেও ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হয়েছিল এক অদ্ভুত প্রতিযোগিতা। সান্তা রোসা শহরের সোনোমা কাউন্টি ফেয়ারগ্রাউন্ডস-এ অনুষ্ঠিত ‘বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর প্রতিযোগিতা’য় প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে ছয় বছর বয়সী পাগ প্রজাতির কুকুর ‘লু’। দক্ষিণ কোরিয়ার পাহাড়ি এলাকায় বেড়ে ওঠা হালকা বাদামি রঙের এই সারমেয়টির সারাক্ষণ জিভ বেরিয়ে থাকে এবং চোখ দুটি ঠিকরে বের হওয়ার মতো অবস্থা। ‘পাগ রেসকিউ অফ কোরিয়া’ নামক সংস্থার মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানো লু তার অনন্য শারীরিক বৈশিষ্ট্যের জন্যই বিচারকদের নজর কেড়ে নেয় এবং এই খেতাব অর্জন করে।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় লু ও তার মালিক পুরস্কার হিসেবে ৫ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার টাকা জিতেছেন। এর পাশাপাশি তারা পেয়েছেন নিউ ইয়র্ক ভ্রমণের সুযোগ, যেখানে এনবিসি-র ‘টুডে’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে লু-এর। এমনকি ‘মাগ রুট বিয়ার’-এর বিশেষ সংস্করণের ক্যানেও দেখা যাবে তাকে। রোদে শুয়ে থাকতে পছন্দ করা অত্যন্ত চঞ্চল এই চারপেয়েটি বাস্তবে বেশ ভীরু স্বভাবের, যা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেও চমকে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *