বিধানসভার ১৯টি রবীন্দ্র-বই ‘নিখোঁজ’, মমতার প্রশ্নে বিপাকে গ্রন্থাগার কর্মীরা!
বার্তা ডেস্কঃ
বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বহুমূল্য বই এখনও জমা পড়েনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থেকে। এর মধ্যে রয়েছে ১৮টি খণ্ডের ‘রবীন্দ্র রচনাবলী’ এবং ১টি ‘সঞ্চয়িতা’। ক্ষমতাবদলের পর তিনি আর বিধানসভার সদস্য নন, অথচ তাঁর নামে ইস্যু হওয়া বইগুলি ফেরত না আসায় চরম সমস্যায় পড়েছেন গ্রন্থাগারের কর্মীরা।
লাইব্রেরি থেকে মমতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বইগুলি তাঁর নিজের কাছে বা বাড়িতে নেই; সেগুলি বিধানসভার মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট চেম্বারেই রয়েছে। কিন্তু বর্তমানে সেই দপ্তর শুভেন্দু অধিকারীর অধীনে। নিয়মানুযায়ী, বইগুলি অফিসে থাকলেও লাইব্রেরিতে জমা না হওয়া পর্যন্ত সেগুলিকে ‘ফেরত’ হিসেবে গণ্য করা সম্ভব নয়। অন্যদিকে, অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে বই নিয়ে আসার এক্তিয়ারও কর্মীদের নেই। একই কারণে আটকে রয়েছে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা ১২টি বই ও নথিও, যা এখনও স্পিকারের দপ্তরেই পড়ে রয়েছে।
তবে ইতিবাচক দৃষ্টান্তও রয়েছে। সদ্যপ্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় সরকার পরিবর্তনের পরই তাঁর সহযোগীর মাধ্যমে বিধানসভার সব বই সঠিকভাবে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। গ্রন্থাগার কর্তৃপক্ষের মতে, সবাই দায়িত্বশীল ভূমিকা নিলে এই জটিলতা তৈরি হতো না।