বন্দে মাতরম গাইতেই হবে! যাদবপুর ইস্যুতে শুভেন্দুর চরম হুঁশিয়ারি
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এবং ‘বন্দে মাতরম’ গাওয়া হয় না—এমনই বিস্ফোরক অভিযোগ তুলে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরের এক সভা থেকে সম্প্রতি ছাত্র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জোরালো ডাক দেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করে শুভেন্দু দাবি করেন, সেখানে শিক্ষা দপ্তরকে প্রশাসনিক কাজ করতে দেওয়া হয় না এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাও বসাতে বাধা দেওয়া হয়। এই পরিস্থিতিতে তাঁর স্পষ্ট বার্তা, “পশ্চিমবঙ্গে থাকতে হলে বন্দে মাতরম গাইতেই হবে; দেশপ্রেম ও রাষ্ট্রবাদের প্রশ্নে কোনো আপস সহ্য করা হবে না।” এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কাশ্মীর কেন্দ্রিক বিতর্কিত স্লোগান তোলা ও জাতীয় দিবস পালন না করার তীব্র বিরোধিতা করে তিনি জানান, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও স্বপ্ন পূরণের পথেই তাঁরা এগিয়ে চলবেন।