‘হরমুজ আমাদের!’ ট্রাম্পের বিস্ফোরক ছবি ঘিরে রণক্ষেত্র ওয়াশিংটন-তেহরান!
বার্তা ডেস্কঃ
কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দাবি করে নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প একটি ছবি শেয়ার করেছেন। বিশ্বজুড়ে আলোচনা তৈরি করা এই পোস্টের পর ওয়াশিংটন ও তেহরানের রাজনৈতিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। এর আগে একাধিকবার ট্রাম্পের মুখে এই জলপথের ওপর মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা শোনা গেলেও, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকা তাদের আগ্রাসী অবস্থান থেকে সরে না এলে বিশ্ব বাণিজ্যের এই অন্যতম মূল সামুদ্রিক পথটি বন্ধই থাকবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই আমেরিকার এই দাবিকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা ঢাকতেই ট্রাম্প এ ধরনের ভিত্তিহীন ভূখণ্ডের মালিকানা দাবি করছেন। পাশাপাশি পারস্য উপসাগরে মার্কিন একতরফা আধিপত্যের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
চলতি এই বাকযুদ্ধ ও উত্তেজনার মধ্যেই তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে এবং চীনসহ প্রধান তেল আমদানিকারক দেশগুলোকে আমেরিকার সাথে হাত মেলানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং গায়ের জোরে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান তেল পরিবহণ পথকে ঘিরে তৈরি হওয়া এই তীব্র অচলাবস্থা এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে।