নারী কারও সম্পত্তি নয়, পিতৃতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল গান্ধী!

বার্তা ডেস্কঃ

সমাজ নির্ধারিত গণ্ডি ভেঙে নারীদের নিজেদের পরিচয় নিজেদেরই তৈরি করার আহ্বান জানালেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লির ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় পিতৃতন্ত্র ও সমাজের প্রাচীন মানসিকতার বিরুদ্ধে সরব হন তিনি।

সম্প্রতি পেপার ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে হওয়া বিক্ষোভে আন্দোলনকারী মেয়েদের ভাষা নিয়ে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছিলেন, মেয়েদের মুখে কড়া ভাষা শুনে তিনি “সাংস্কৃতিক ধাক্কা” পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সরাসরি জবাব দিয়ে রাহুল বলেন, বিক্ষোভে ছেলে-মেয়ে উভয়ই কড়া ভাষা ব্যবহার করেছিল, কিন্তু নিশানা করা হয়েছে শুধু মেয়েদের। তিনি প্রশ্ন তোলেন—ছেলেরা গালি দিলে তা স্বাভাবিক, অথচ মেয়েরা প্রতিবাদ করলেই তা সাংস্কৃতিক ধাক্কা কেন হবে? রাহুলের মতে, এই বৈষম্যমূলক মানসিকতা ছেলেদের অতিরিক্ত স্বাধীনতা দেয় আর মেয়েদের সব সময় নিয়ন্ত্রণে রাখতে চায়।

মনুস্মৃতির প্রাচীন ধারণাকে আক্রমণ করে রাহুল স্পষ্ট জানান, নারীরা বাবা, স্বামী বা সন্তানের অধীনস্থ কোনো সম্পত্তি নন। সম্পর্কের বাইরেও একজন নারীর নিজস্ব স্বাধীন পরিচয় রয়েছে। শারীরিক হিংসা, সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলি তুলে ধরে তিনি জানান, পিতৃতন্ত্র নারীদের ভয় দেখিয়ে পিছিয়ে রাখে। এই বৈষম্যের বিরুদ্ধে নারীদের নির্ভয়ে সোচ্চার হওয়ার ডাক দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *