যাদবপুরে বন্দেমাতরম্ নিয়ে তুলকালাম, সরব শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চলা রাজনৈতিক তর্জমাকে এবার বৃহত্তর ‘জাতীয়তাবাদ বনাম রাষ্ট্রবিরোধী’ লড়াই হিসেবে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরের এক অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানান, যাদবপুর ক্যাম্পাসে জাতীয়তাবাদী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কোনও আপস করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে ‘বন্দে মাতরম্’ ধ্বনি দেওয়া, জাতীয় পতাকা উত্তোলন করা কিংবা সিসিটিভি ক্যামেরা বসানোর মতো বিষয়গুলিতেও বাধা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাষ্ট্রবিরোধী শক্তি, জেহাদী ও ‘টুকরে টুকরে গ্যাং’ সক্রিয়, যারা ১৫ই আগস্ট বা ২৬শে জানুয়ারির মতো জাতীয় দিবস উদযাপনে বাধা সৃষ্টি করে।

শুভেন্দু অধিকারী আরও জানান, সিসিটিভি বসানো, শিক্ষা দপ্তরের নজরদারি নিশ্চিত করা এবং রবীন্দ্রনাথ, নেতাজি, বঙ্কিমচন্দ্র ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তাঁরা লড়াই চালিয়ে যাবেন। একই মঞ্চ থেকে বাম ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, অপপ্রচার বা সোশ্যাল মিডিয়ার আন্দোলন দিয়ে তাঁদের দমানো যাবে না। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর এই কঠোর অবস্থানের ফলে আগামী দিনে যাদবপুরকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক ও মেরুকরণ আরও তীব্র হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *