ভাদ্রের ভ্যাপসা গরম কি কাটবে? আবহাওয়ার বড় আপডেট জানাল হাওয়া অফিস!

বার্তা ডেস্কঃ

ভাদ্র মাসের ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এই পরিস্থিতিতে শনিবার দুপুরের পর থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকার আবহাওয়া বদলাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রোদের লুকোচুরির মাঝে শহরের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সাময়িক বৃষ্টি হলেও এই আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও বীরভূমে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবি ও সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি নামলে সাময়িকভাবে গরম কমলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *