বঙ্গ রাজনীতিতে বড় চমক, অধীরের হাত ধরে কংগ্রেসে ফিরছেন তৃণমূলের তাবড় নেতারা!

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় এক বড়সড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। রবিবার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামূল ইসলাম রাজা ও ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম অপু। এই হেভিওয়েট নেতাদের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাধিপতি ওবায়দুর রহমান, একাধিক ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতারা ঘাসফুল শিবির ছেড়ে হাত শিবিরে নাম লিখিয়েছেন।

একসঙ্গে এতজন প্রভাবশালী জনপ্রতিনিধি ও নেতার দলত্যাগকে কেন্দ্র করে ধুলিয়ানের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই রাজনৈতিক পটপরিবর্তন আগামী দিনে স্থানীয় ক্ষমতার সমীকরণে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এদিকে দলীয় যোগদান পর্বের পাশাপাশি এদিনের এই জনসভা থেকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন জটিলতায় বাতিল হওয়া নামগুলি দ্রুত পুনরুদ্ধারের দাবিতেও সোচ্চার হয়েছেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *