গেরুয়া গামছা পরলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না! বিজেপির অন্দরে বিস্ফোরক বিধায়ক
বার্তা ডেস্কঃ
বিজেপিতে যোগ দিলেই বা গলায় গেরুয়া গামছা চাপালেই কেউ আসল হিন্দুত্ববাদী হয়ে যান না—এমনই বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বাঁকুড়ার ‘আদি’ বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। রবিবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজেপির শিক্ষক সংগঠনের এক বৈঠকে নাম না করে ‘নব্য’ বিজেপি ও দলবদলুদের তীব্র নিশানা করেন তিনি। তাঁর মতে, অতীতে যারা অন্য দলে ছিল, তারা এখন গেরুয়া পোশাক পরে নিজেদের বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে। একই সঙ্গে স্কুল পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মিড ডে মিলের নথিতে অতিরিক্ত ছাত্রছাত্রী দেখানোর মতো অনিয়মের অভিযোগও তোলেন তিনি।
এদিকে ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনভিপ্রেত ঘটনার প্রসঙ্গ টেনে ছাত্রছাত্রীদের মধ্যে দেশভক্তির পাঠ দেওয়ার ওপর জোর দেন। মন্ত্রীর দাবি, বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়—সর্বত্রই এখন থেকে দেশপ্রেমের আদর্শ গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে এমন বিশৃঙ্খলা এড়ানো যায়। একই রাজনৈতিক মঞ্চে বিধায়কের দলের অন্দরের মন্তব্য এবং মন্ত্রীর দেশভক্তির বার্তা দেওয়ার এই ঘটনা ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।