অন্নপূর্ণার অভাব দূর করতে নতুন এক আশা!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণার যোজনার বকেয়া টাকা দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছানোর দাবিতে এবং রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের উচিতপুর গ্রামে এক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। রবিবার গ্রামের বিষহরি মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন ভাতা প্রাপকরা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিলও বের করা হয়, যার নেতৃত্ব দেন জামালপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সভানেত্রী ডালু ধাড়া।
তিনি জানান, যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পের অর্থ পেয়েছেন, তাঁরা আনন্দ প্রকাশ করে মায়ের পুজো দিয়েছেন। পাশাপাশি, যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁরা যাতে দ্রুত সেই সুবিধা পান সেই কামনাই করা হয়েছে। আগামী সোমবার থেকে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হবে, যার ভিত্তিতে খুব শীঘ্রই সমস্ত যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ভাতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের ছবি দেখা গেলেও উচিতপুরের এই উদ্যোগ অন্য মাত্রা যোগ করেছে।