মাতৃত্বের আড়ালে কোন ভয়ঙ্কর রহস্য, তিন সন্তানকে খুনের অভিযোগে কাঠগড়ায় মা!
বার্তা ডেস্কঃ
ম্যাসাচুসেটসের ডাক্সবেরিতে প্রসব-পরবর্তী চরম মানসিক অবসাদ ও বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত প্রাক্তন সেবিকা লিন্ডসে ক্ল্যানসি তাঁর তিন শিশুপুত্র-কন্যাকে শরীরচর্চার ইলাস্টিক দড়ি দিয়ে গলা টিপে খুন করেন বলে অভিযোগ। ঘটনার দিন সকালে স্বামী প্যাট্রিক ওষুধ আনতে বাইরে যাওয়ার সুযোগেই এই নৃশংস কাণ্ড ঘটান তিনি। এরপর দোতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও তিনি প্রাণে বেঁচে যান, তবে কোমরের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। ভয়ংকর এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেলেও, বর্তমানে প্লাইমাউথ আদালতে চলছে এর বিচার প্রক্রিয়া।
আদালতের শুনানিতে লিন্ডসের আইনজীবী ও পরিবার দাবি করেছে যে, মানসিক রোগের তীব্র ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং অতিরিক্ত অবসাদের ফলেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার মাত্র দু’সপ্তাহ আগেই তিনি মানসিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। অন্যদিকে, সরকারি আইনজীবীদের মতে, এটি সম্পূর্ণ ঠান্ডা মাথায় ও পরিকল্পনা করে করা খুন, যার জন্য লিন্ডসের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলা এই মামলার রায় এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।