ফোন চুরি ঘিরে রণক্ষেত্র নার্সিং কলেজ, রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল পরিস্থিতি!

বার্তা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া শহরের এসকে কলেজ অফ নার্সিংয়ে একটি ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তেলুগুভাষী এবং উত্তর-পূর্ব ভারতের পড়ুয়াদের মধ্যে তুমুল সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মণিপুর ও নাগাল্যান্ডের কয়েকজন পড়ুয়া ফোন চুরির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে স্থানীয় থানায় দ্বারস্থ হয়েছিলেন, যা ভালোভাবে নেননি স্থানীয় পড়ুয়াদের একাংশ। এর জেরে কলেজ হস্টেলের ভেতরেই লাঠি ও ঝাঁটা নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারপিট শুরু হয়। সংঘর্ষের জেরে অন্ধ্রপ্রদেশের এক পড়ুয়া গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবালয়। জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত কলেজ হস্টেলে পৌঁছে মণিপুর ও নাগাল্যান্ডের পড়ুয়াদের নিরাপদ আশ্রয়ে অন্য হস্টেলে স্থানান্তরিত করেন। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য রাজ্যের মোট একত্রিশ জন পড়ুয়াকে সরিয়ে নেওয়া হয়। এদিকে মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পড়ুয়াদের সুরক্ষায় সময়োচিত পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে ধন্যবাদ জানান। বর্তমানে কলেজ চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *