চলন্ত ট্রেনের দরজায় মৃত্যুভয়! তরুণীর ভয়াবহ কাণ্ড দেখে শিউরে উঠলেন নেটিজেনরা
বার্তা ডেস্কঃ
ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের সংরক্ষিত কামরার দরজা থেকে বিপজ্জনকভাবে ঝুলতে দেখা গেছে এক তরুণীকে। তাঁর মাথার মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে হুশ হুশ করে পেরিয়ে যাচ্ছে লোহার থাম ও সেতু। এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সমাজমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। যাত্রীদের চরম ঝুঁকি নিয়ে এই ধরনের যাতায়াত এবং মুম্বইয়ের জনবহুল রেল ব্যবস্থার পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকেরা।
ভাইরাল হওয়া এই ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল মানুষ তরুণীর এমন অদম্য মানসিকতা ও সাহসের প্রশংসা করলেও, অধিকাংশই একে চরম বোকামি ও আত্মঘাতী প্রবণতা বলে অভিহিত করেছেন। সামান্য অসাবধানতায় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও প্রতিদিন অফিস সময়ে শহরতলির যাত্রীদের এই করুণ দৃশ্য নিত্যদিনের বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। রেলের অপর্যাপ্ত পরিকাঠামোর কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা কতটা যৌক্তিক, তা নিয়ে এখন চলছে জোরদার বিতর্ক।