ভিক্ষার ঝুলি হাতে বৃদ্ধার মৃত্যু, ঘরে মিলল বস্তা ভরা নগদ টাকা!
বার্তা ডেস্কঃ
কর্নাটক: পরনে ছিঁড়ে যাওয়া জামাকাপড়, মুখে চরম দৈন্যের ছাপ আর পথচলতি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করা—৬৮ বছরের বৃদ্ধা নূরের এই ছবিটাই চেনা ছিল কর্নাটকের মান্ডিয়া জেলার বাসিন্দাদের। কিন্তু সেই নিঃস্ব জীবনের অন্তরালে যে এত বড় এক গোপন সঞ্চয় লুকিয়ে ছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। বৃদ্ধার মৃত্যুর পর তাঁর জরাজীর্ণ ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও খুচরো কয়েনের পাহাড় উদ্ধার হওয়ায় চোখ কপালে উঠেছে স্থানীয়দের।
সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মারা যান নূর। মৃত্যুর পর প্রতিবেশীরা তাঁর পরিত্যক্ত ঘরটি পরিষ্কার করতে গিয়ে কোণে রাখা কয়েকটি পাটের বস্তা দেখতে পান। সন্দেহবশত বস্তাগুলির মুখ খুলতেই দেখা যায়, সেগুলি কানায় কানায় ভর্তি অজস্র খুচরো কয়েন ও নগদ টাকায়। সারাজীবন অভাবের সঙ্গে লড়াই করা এক ভিক্ষুকের ঘর থেকে এমন ‘গুপ্তধন’ মিলবে, তা ভাবতেই পারছেন না মান্ডিয়াবাসী। তিল তিল করে জমিয়ে তোলা এই বিপুল অর্থের খবর ছড়িয়ে পড়তেই বৃদ্ধার বাড়ির সামনে উৎসুক মানুষের ঢল নামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থের বড় একটি অংশ ইতিমধ্যেই এলাকার একটি মসজিদে দান করা হয়েছে।