মণিপুরে ফের উত্তাল পরিস্থিতি, সেনাপতির হামলায় গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান!
বার্তা ডেস্কঃ
মণিপুরে হিংসার আগুন থামার কোনো লক্ষণ নেই। ২০২৩ সালের মে মাস থেকে চলে আসা জাতিগত বিবাদের জেরে এখনও পর্যন্ত অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি কাংপোকপি জেলার তাণ্ডবের পর এবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সেনাপতি জেলা।
সোমবার ভোররাতে সেনাপতি জেলার তাফাউ এলাকায় দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। সেখানে কুকি ও পৌমাই নাগা সম্প্রদায়ের দু’টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরপরই এলাকা জুড়ে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে গুলিতে আহত হন সিআরপিএফ-এর ৩৬ নম্বর ব্যাটালিয়নের সাব-ইন্সপেক্টর প্রদীপ সিং। তাঁর পায়ে গুলি লাগায় তাঁকে দ্রুত সেনাপতি হাসপাতালে ভর্তি করা হয়।
হামলা ও অশান্তির প্রতিবাদে ইম্ফল ও ডিমাপুরের সংযোগকারী ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কুকি সম্প্রদায়ের মানুষজন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নতুন করে যেন কোনো হিংসা না ছড়ায়, তা নিশ্চিত করতে সেনাপতি জেলায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।