দাম কমবেই, কালোবাজারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি নবান্নের!

বার্তা ডেস্কঃ

রাজ্যে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে চিনির দাম, যার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মাত্র কয়েক মাস আগেও যে চিনি ৪৮ টাকা কেজি দরে বিক্রি হতো, তা বেড়ে দাঁড়ায় ৫৮ টাকায়। বর্তমানে তা পৌঁছে গেছে প্রায় ৬৮ টাকার কাছাকাছি। এই পরিস্থিতিতে চিনির বাজারদর নিয়ন্ত্রণে আনতে এবং কৃত্রিম সংকট দূর করতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়, চিনির দাম বাড়ার নেপথ্যে থাকা অনিয়ম চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাজারদর নিয়ন্ত্রণে আনতে পুনর্গঠন করা হয়েছে বিশেষ ‘টাস্ক ফোর্স’। রাজ্যজুড়ে ৭২টি সাব-ডিভিশন এবং ৩৫টি পুলিশ কমিশনারেট স্তরে এই টাস্ক ফোর্স কাজ করবে। সাব-ডিভিশন স্তরে এর দায়িত্বে থাকবেন এসডিও (SDO) এবং কমিশনারেট স্তরে নেতৃত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার (DC)।

এছাড়া, খাদ্য পরিদর্শকদের (Food Inspectors) সাথে জরুরি বৈঠক করে ভেজাল রোখা এবং বেআইনিভাবে চিনি ও চাল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’ পালনের মধ্য দিয়েও এই বিষয়ে নজরদারি জোরদার করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *