সীমান্তে ভারতীয় জমি পাচ্ছেন বাংলাদেশিরা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!
বার্তা ডেস্কঃ
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় কৃষকদের জমি বেআইনিভাবে বাংলাদেশি নাগরিকদের কাছে লিজ দেওয়ার গুরুতর অভিযোগ সামনে এসেছে। তেহট্ট বিধানসভা এলাকার সীমান্তবর্তী অঞ্চলে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিরাপত্তা সুসংহত করতে স্থানীয় বিধায়ক, প্রধান ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠক করেছে বিএসএফ। কাঁটাতারের ওপারে ভারতীয় কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হচ্ছিল। ফসল ঘরে তুলতে না পারার আশঙ্কায় ভারতীয় চাষিদের একাংশ বাধ্য হয়ে মৌখিক চুক্তির মাধ্যমে বাংলাদেশিদের জমি লিজ দিচ্ছিলেন বলে অভিযোগ। অনলাইনের মাধ্যমে এই লেনদেন চলায় সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। তেহট্টের বিধায়ক সুব্রত কবিরাজ স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় জমিতে কোনওভাবেই বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি মেনে নেওয়া হবে না। এরপরেও কোনো চাষি গোপনে জমি লিজ দিলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুপ্রবেশ ও বেআইনি কর্মকাণ্ড রোধে সীমান্তজুড়ে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।