যাদবপুরে উপাচার্যের নাটক না দুর্ঘটনা! মাটিতে লুটিয়ে পড়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

বার্তা ডেস্কঃ

সোমবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অল স্টেক হোল্ডারের দীর্ঘ বৈঠক শেষে বেরনোর সময় অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে পৌঁছানোর পর হঠাৎ করেই মাটিতে পড়ে যান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এই ঘটনায় তাঁর চোট লাগলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তারক্ষীদের দাবি, বৈঠক শেষে গেটের সামনে বাম ছাত্র সংগঠনের সদস্যদের বিক্ষোভ ও ধাক্কাধাক্কির মাঝেই পড়ে যান তিনি। অন্যদিকে, এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়ে উলটে উপাচার্যের বিরুদ্ধে ‘নাটক’ করার গুরুতর অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের একাংশ। তাদের সাফ দাবি, কোনো শিক্ষার্থী উপাচার্যকে আঘাত করেননি বা ধাক্কা দেননি।

সোমবার রাত নটার পর ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনার জেরে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে নতুন করে চাপা উত্তেজনা ছড়ায়। তবে বড় ধরনের কোনো গোলমাল এড়ানো সম্ভব হলেও এই বিষয়ে এখনও পর্যন্ত উপাচার্যের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার এসএফআই এবং এবিভিপির মধ্যে চলা দফায় দফায় সংঘর্ষের জেরে ক্যাম্পাসের পরিবেশ এমনিতেই উত্তপ্ত ছিল। সেই আবহে বন্দে মাতরম বিতর্ক এবং চার দফা দাবি নিয়ে সোমবারের এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকের শুরু থেকেই উত্তপ্ত বাক্যবিনিময় এবং এবিভিপির ওয়াকআউটের মতো ঘটনা ঘটে। বর্তমানে ছাত্রছাত্রীদের একাংশ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *